বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারের প্রতিনিধিরা রাজধানী ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠানে যোগ দিতে আসেন মোহাম্মদ মুইজ্জু (প্রেসিডেন্ট, মালদ্বীপ), শেরিং টোবগে (প্রধানমন্ত্রী, ভুটান) এবং ওম বিড়লা (লোকসভার স্পিকার, ভারত)।
তাদের বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিন অতিথির মধ্যে মালদ্বীপের প্রেসিডেন্ট নিয়মিত ফ্লাইটে এবং ভুটানের প্রধানমন্ত্রী ও ভারতের স্পিকার বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান।
এর আগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত যুক্তরাজ্য, তুরস্ক, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরাও ঢাকায় এসে পৌঁছান।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রতিনিধি হিসেবে দেশটির ভারত–প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গত শনিবার চীন, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া ও ব্রুনেইসহ ১৪ দেশের সরকারপ্রধানকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। এসব দেশের পক্ষে শপথ অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতরা প্রতিনিধিত্ব করবেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।
Daily Diner Alo