পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত-এ আবারও ভেসে এসেছে প্রায় ৪০ কেজি ওজনের একটি মৃত অলিভ রিডলি কচ্ছপ। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে সামুদ্রিক প্রাণীর মৃত্যুর ঘটনায় উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে কাউয়ারচর ঝাউবন সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন এলাকায় জোয়ারের পানির সঙ্গে কচ্ছপটি ভেসে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য আ. জলিল প্রথম কচ্ছপটি দেখতে পান। পরে তিনি বিষয়টি ডলফিন রক্ষা কমিটির সদস্যদের জানান। খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে।
পরিবেশ সচেতন মহলের মতে, এ ধরনের ঘটনা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অশনিসংকেত। দূষণ, অবৈধ জাল ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এ ধরনের মৃত্যুর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের উপ-যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু আহমেদ বলেন, “বারবার সামুদ্রিক প্রাণীর এভাবে মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। উপকূলীয় পরিবেশ রক্ষায় এখনই কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
এ বিষয়ে মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কচ্ছপটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নজরদারি বাড়ানো হবে।
পরে ডলফিন রক্ষা কমিটি, বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যৌথভাবে মৃত কচ্ছপটিকে মাটি চাপা দেন।
পরিবেশবিদদের মতে, সামুদ্রিক প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।
Daily Diner Alo