নিজস্ব প্রতিবেদক দিনের আলো পত্রিকা
খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনের ভেতর থেকে হরিণ শিকারের দায়ে আয়াতুল্লাহ গাজী নামের এক যুবককে আটক করেছে বন বিভাগ।
আটককৃত আয়াতুল্লাহ গাজী কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার বাসিন্দা কুদ্দুস গাজীর পুত্র বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সুন্দরবনের খুলনা রেঞ্জের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের আওতাধীন ময়দাপাশা খাল এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে একটি ডিঙি নৌকা তল্লাশি করে হরিণের খণ্ডিত মাথা, প্রায় দেড় কেজি ওজনের কলিজা ও নাড়িভুঁড়ি উদ্ধার করা হয়।
এছাড়া ঘটনাস্থল থেকে প্রায় ৭০ মিটার লম্বা ছিটকা ফাঁদ, একটি দা, একটি ছুরি এবং রক্তমাখানো একটি সাদা রঙের ককসিট জব্দ করা হয়েছে।
Daily Diner Alo