
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার পর দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের সব মিশনে কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দূতাবাস কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানায়।
দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বলা হয়, আজকের জন্য নির্ধারিত সব নিয়মিত ও জরুরি সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। পাশাপাশি জেদ্দা, রিয়াদ ও দাহরানসহ বিভিন্ন মার্কিন মিশনে ‘নিরাপদ অবস্থানে থাকার’ নির্দেশনা কার্যকর রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাস এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার ভোরে রিয়াদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়। এতে দূতাবাস ভবনে সামান্য আগুন ধরে যায় এবং আংশিক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই কনস্যুলার সেবা স্থগিতের ঘোষণা আসে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ হামলার জবাবে ওয়াশিংটন কী পদক্ষেপ নিতে যাচ্ছে, তা খুব শিগগিরই বিশ্ব দেখতে পাবে।
উল্লেখ্য, গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালায়। তেহরানে চালানো ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন বলে দাবি করা হয়। এর জবাবে ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ একাধিক স্থাপনায় হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে।
পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের অভিমত।